পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কাজের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর বাংলাদেশি এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে গালফ নিউজ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই দুজনের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তারা দুজনই বাংলাদেশের নাগরিক।
বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করেন এবং ইসলামি আইনে তা’আজির নীতিতে মৃত্যুদণ্ড দেন। তা’আজির হলো এমন শাস্তি, যার ধরন ও মাত্রা নির্ধারণের ক্ষমতা বিচারকের হাতে থাকে।
গালফ নিউজ বলছে, সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর তা চূড়ান্ত হয়। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে রাজকীয় আদেশ জারি করা হয়।
১৪ই অক্টোবর তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত অন্যদেরও দেশটির আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।