হামাসকে পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত প্যালেস্টাইনের গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনাও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
রবিবার দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, নিরস্ত্রীকরণ বলতে ভারী, হালকা, সব ধরনের অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি বোঝানো হয়েছে।
নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল ১৫ দফা নথিটি গ্রহণ করছে না। হামাস নিরস্ত্র হওয়ার আগে আইডিএফ প্রত্যাহার হবে না।”
এ বছর জুলাইয় মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধ বন্ধে ১৫ দফা পরিকল্পনা প্রস্তাব করে। পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়।
নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ধাপে ধাপে নয় চুক্তি বাস্তবায়নের আগে হামাসকে সম্পূর্ণ ও কার্যকরভাবে নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে চায় ইসরায়েল।
এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর প্রকাশ্য মতবিরোধ সামনে এসেছে। গাজা, লেবানন ও ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান ছাড়া কোনো যুদ্ধবিরতি বা শান্তি সমাধান চাপিয়ে দেওয়া যাবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন হলে দেশটি তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধেও অবস্থান নিতে প্রস্তুত।