গাজায় হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্র করার বিষয়ে চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। ফলে ট্রাম্পের ঘোষণার পরও যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার ঘোষিত ‘বোর্ড অব পিস’-এর উদ্যোগে হামাসসহ গাজার সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে সমঝোতা হয়েছে। ট্রাম্প একে ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ‘ট্রাম্প ২০- পয়েন্ট প্ল্যান’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ট্রাম্পের দাবি, চুক্তিটি ধাপে ধাপে কার্যকর হবে। নিরস্ত্রীকরণ এগোলে পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। একই সঙ্গে একটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বাহিনী এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
এ উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প। এই প্রক্রিয়ার মাধ্যমে গাজায় একটি নতুন ফিলিস্তিনি সরকার দায়িত্ব নেবে, যা বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে দাবি করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস নেতাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। তবে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আলোচনায় থাকা শর্তগুলো ইসরায়েলের কাছে এখনও সন্তোষজনক নয়।
কূটনৈতিক তৎপরতার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।