ধন্যবাদ দিয়ে নরেন্দ্র মোদীর ভিডিওবার্তা, অনশন ভাঙার ব্যাখ্যা দিলেন সোনম ওয়াংচুক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দিনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তা দিয়ে তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। আর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে হাসপাতাল থেকেই ভিডিওবার্তা দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শুক্রবার রাতেই এই দুই ভিডিওবার্তা প্রকাশ করেন তারা।

শুক্রবার রাত ১১টার দিকে ফেইসবুকে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে নরেন্দ্র মোদী বলেন, “ধন্যবাদ বন্ধুরা। কাল বেশি রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিলো। আমি যে ভিডিও পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ভালোবাসা ও যোগাযোগ আরও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে। 

পরপর দুই দিন ‘মিত্র’-র বদলে ‘ফ্রেন্ডস’ সম্বোধন করায় ভারতীয় বিশ্লেষকরা বলছেন, জেন-জি প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই শব্দ ব্যবহার করেছেন তিনি।

অন্যদিকে, নিট প্রশ্নফাঁস, শিক্ষায় দুর্নীতি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২৬ দিন অনশন করার পর বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সমালোচনা করেন। কেউ বলেন, তিনি কেন দাবি আদায়ের আগেই অনশন শেষ করলেন। আবার কেউ অভিযোগ করেন, সরকারের সঙ্গে তার সমঝোতা হয়েছে।

এসব অভিযোগের জবাব দিতে শুক্রবার হাসপাতাল থেকে ভিডিওবার্তা দেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, “যদি সমঝোতাই করতাম, তাহলে কি ২৬ দিন না খেয়ে থাকতাম? এত কষ্ট করার দরকার হতো কেন?”

তিনি জানান, দীর্ঘ অনশনের কারণে তার ওজন ১১ কেজি কমেছে এবং শরীরের অনেক ক্ষতি হয়েছে।

তবে ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। তবে সোনমের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।