কয়েক মিনিটের একটি বিরতি। একটি জায়নামাজ। তারপরই শুরু হয়ে গেল বিতর্ক।
ঘটনাস্থল সুইজারল্যান্ডের জুরিখ। শহরের ব্যস্ত স্ট্যাফা টার্মিনালে নির্ধারিত বিরতির সময় বাসের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন একজন বাসচালক। বাস তখন চলছিলো না। যাত্রীসেবাও ব্যাহত হয়নি। কয়েক মিনিট পর তিনি আবার স্টিয়ারিংয়ে ফিরে যান। ঘটনাটি সেখানেই শেষ হতে পারত।
কিন্তু হয়নি।
কারও মোবাইল ফোনে ধারণ করা সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর শুরু হয় তুমুল বিতর্ক। একজন সরকারি সেবাদানকারী কর্মী কি কর্মস্থলের আশপাশে এভাবে ধর্মীয় আচরণ করতে পারেন? এটি কী ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, নাকি রাষ্ট্রীয় নিরপেক্ষতার সীমা অতিক্রমের উদাহরণ? খুব দ্রুত একটি সাধারণ ঘটনা পরিণত হয় রাজনৈতিক বিতর্কে।
সুইজারল্যান্ডের পরিবহন কর্তৃপক্ষ অবশ্য ভিন্ন কথা বলেছে। তাদের বক্তব্য, চালক তার নির্ধারিত বিরতির সময় ব্যক্তিগতভাবে নামাজ আদায় করছিলেন। এতে বাসের সময়সূচি, যাত্রীসেবা কিংবা দায়িত্ব পালনে কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ প্রশাসনের চোখে এটি ছিলো একজন কর্মীর ব্যক্তিগত ধর্মচর্চা। কিন্তু বিতর্ক ততক্ষণে পৌঁছে গেছে প্রশাসনের হাত ছাড়িয়ে জনপরিসরে।
আসলে ঘটনাটি শুধু একজন বাসচালকের নয়। প্রশ্নটা আরও বড়। একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ধর্মীয় নিরপেক্ষতা নিশ্চিত করতে গিয়ে একজন নাগরিকের ব্যক্তিগত বিশ্বাসকে কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে? আর সেই সীমারেখা কোথায় গিয়ে এমন এক বাস্তবতা তৈরি করে, যেখানে নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা থেকেই নতুন ধরনের অসহিষ্ণুতা জন্ম নেয়?
এই প্রশ্ন নতুন নয়। ইউরোপে ধর্ম, রাষ্ট্র এবং নাগরিক পরিচয়ের সম্পর্ক নিয়ে বিতর্ক বহু পুরোনো। কিন্তু গত এক দশকে সেটি নতুন গতি পেয়েছে। অভিবাসনের ঢেউ, জিহাদি সন্ত্রাসবাদের অভিজ্ঞতা, জাতীয় পরিচয় নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং ডানপন্থী রাজনীতির উত্থান, সব মিলিয়ে ইউরোপের অনেক দেশ এখন নতুন করে ভাবছে, বহুসাংস্কৃতিক সমাজ বলতে তারা আসলে কী বোঝাতে চায়?
এই প্রেক্ষাপটটি বোঝা জরুরি। কারণ ইউরোপে ধর্মীয় প্রতীক নিয়ে বর্তমান বিতর্কের শুরু জুরিখের সেই বাসচালককে দিয়ে হয়নি। তারও বহু আগে রাষ্ট্রীয় নিরপেক্ষতার ধারণা ঘিরে শুরু হয়েছিলো দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক আলোচনা। বিশেষ করে ফ্রান্সে লাইসিতে অর্থাৎ রাষ্ট্র ও ধর্মকে কঠোরভাবে আলাদা রাখার নীতি বহুদিন ধরেই জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ১৯০৫ সালে চার্চ ও রাষ্ট্রকে পৃথক করার আইন, সরকারি বিদ্যালয়ে ধর্মীয় প্রতীক ব্যবহারের বিধিনিষেধ কিংবা জনসমক্ষে মুখ ঢাকা নিষিদ্ধ করার আইন– সবই সেই দীর্ঘ ধারাবাহিকতার অংশ।
তবে গত কয়েক বছরে সেই আলোচনার চরিত্র বদলেছে। আগে এটি ছিলো মূলত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে বিতর্ক। এখন সেখানে আরও কয়েকটি বিষয় যুক্ত হয়েছে; নিরাপত্তা, অভিবাসন, সামাজিক সংহতি এবং জাতীয় পরিচয়ের প্রশ্ন। ফলে ধর্মীয় পোশাক কিংবা প্রতীক নিয়ে সিদ্ধান্তগুলোও আর কেবল সাংবিধানিক আলোচনার বিষয় থাকছে না; সেগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে রাজনৈতিক প্রতীকে।
আর সেই কারণেই জুরিখের একজন বাসচালকের কয়েক মিনিটের নামাজ শুধু একটি স্থানীয় সংবাদ নয়। এটি এমন একটি ইউরোপের প্রতিচ্ছবি, যেখানে স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ, দুই ধারণাই নিজেদের পরিধি আরও বিস্তৃত করতে চাইছে। প্রশ্ন হলো, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতার জায়গাটি ঠিক কতটা নিরাপদ?
জুরিখের ঘটনাটি আলোচনায় থাকতেই আরেকটি খবর আসে জেনেভা থেকে। প্রথম দেখায় সেটি আলাদা একটি ঘটনা মনে হতে পারে। কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায়, দুটির মধ্যে অদ্ভুত এক যোগসূত্র রয়েছে।
এলা ওজতুর্ক জেনেভার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একজন রাজনীতিক। তিনি হিজাব পরেন। আর সেটিই তাকে এমন এক বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে, যার সঙ্গে তার রাজনৈতিক অবস্থান বা কর্মদক্ষতার খুব একটা সম্পর্ক নেই। জেনেভার ভোটাররা একটি সাংবিধানিক সংশোধনীর পক্ষে মত দিয়েছেন। যার উদ্দেশ্য জনপ্রতিনিধিদের জনসমক্ষে ধর্মীয় প্রতীক ব্যবহার সীমিত করা। ওজতুর্ক শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন। তার বক্তব্য পরিষ্কার; হিজাব তার ব্যক্তিগত ধর্মীয় পরিচয়ের অংশ, রাজনৈতিক অবস্থানের নয়। প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন।
এখানে প্রশ্নটা আর শুধু একজন রাজনীতিকের নয়। প্রশ্ন হলো, একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি তার ধর্মীয় পরিচয় নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন, নাকি জনজীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে নিজের পরিচয়ের এই অংশটি দরজার বাইরে রেখে আসতে হবে?
এর সহজ উত্তর নেই। বরং এখানেই লুকিয়ে আছে ইউরোপের রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় দ্বন্দ্বগুলোর একটি।
একদিকে রাষ্ট্র বলছে, সরকারি প্রতিষ্ঠান এমন একটি জায়গা হওয়া উচিত, যেখানে কোনো ধর্মীয় পরিচয় দৃশ্যমান হবে না। কারণ, রাষ্ট্র সবার। সেখানে নিরপেক্ষতার দৃশ্যমান প্রকাশও জরুরি। অন্যদিকে সমালোচকদের যুক্তি, একজন ব্যক্তি তার ধর্মীয় পরিচয় প্রকাশ করলেই রাষ্ট্র পক্ষপাতদুষ্ট হয়ে যায় না। বরং রাষ্ট্র তখনই নিরপেক্ষ থাকে, যখন সে ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষকে সমানভাবে জায়গা দেয়।
এই টানাপোড়েন আজ শুধু সুইজারল্যান্ডে সীমাবদ্ধ নয়।
গত এক দশকে ইউরোপের বিভিন্ন দেশে ক্রমেই বেড়েছে ধর্মীয় পোশাক ও প্রতীক নিয়ে আইনি বিধিনিষেধ। ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক ও বুলগেরিায় জনসমক্ষে মুখ ঢাকার ওপর রয়েছে বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা। সুইজারল্যান্ডে ২০২৫ সাল থেকে কার্যকর করেছে একই ধরনের আইন। জার্মানি ও নেদারল্যান্ডস সরকারি ভবন, আদালত, বিদ্যালয় কিংবা নির্দিষ্ট সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আলাদা বিধিনিষেধ আরোপ করেছে।
সাম্প্রতিক সময়ে সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পর্তুগালও। দেশটির পার্লামেন্ট জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে। আইনটি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট। কারণ এটি দেখায়, ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের নীতিগত চিন্তা ক্রমেই শক্তিশালী হচ্ছে। ভিন্ন দেশের আইন আলাদা হলেও যুক্তিগুলো প্রায় অভিন্ন; জননিরাপত্তা, সামাজিক সংহতি, নাগরিকদের সহজে শনাক্ত করার প্রয়োজন এবং রাষ্ট্রীয় নিরপেক্ষতা।
এই যুক্তিগুলোকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
ইউরোপ গত দুই দশকে একের পর এক জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে। প্যারিস, ব্রাসেলস, বার্লিন, নিস কিংবা ভিয়েনা–এসব শহরের অভিজ্ঞতা গভীরভাবে প্রভাবিত করেছে ইউরোপীয় রাজনীতিকে। একই সময়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে অভিবাসনের ঢেউয়ে জনসংখ্যার চিত্র বদলে গেছে ইউরোপের বহু দেশে। ফলে নিরাপত্তা, সামাজিক সংহতি ও জাতীয় পরিচয় নিয়ে উদ্বেগ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। নির্বাচিত সরকারগুলোর জন্য সেই উদ্বেগের জবাব দেওয়াও একটি রাজনৈতিক বাস্তবতা।
কিন্তু এখানেই দ্বিতীয় প্রশ্নটি উঠে আসে।
নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্র ঠিক কতটা দূর যেতে পারে? কোনো নীতি যদি সুনির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকেই সবচেয়ে বেশি প্রভাবিত করে, তাহলে সেটিকে কী কেবল নিরাপত্তার নীতি বলা যাবে, নাকি সেখানে সমঅধিকারের প্রশ্নও এসে যাবে?
সমালোচকেরা মূলত এই জায়গাটিতেই আপত্তি তুলছেন।
তাদের বক্তব্য, আইনগুলোর ভাষা ধর্মনিরপেক্ষ। কোথাও মুসলিম শব্দটি লেখা নেই। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মুসলিম নারীদের ওপর, যারা নিকাব বা বোরকা পরেন। কিংবা মুসলিম কর্মীদের ওপর, যাদের ধর্মীয় পরিচয় দৃশ্যমান। অর্থাৎ আইনের ভাষা নিরপেক্ষ হলেও, সেটির সামাজিক প্রভাব সব সম্প্রদায়ের ওপর সমানভাবে পড়ছে কি না, তাই এখন আলোচনার বিষয়।
জুরিখের বাসচালকের ঘটনাটিও অনেকের কাছে প্রতীকী হয়ে ওঠার কারণ হলো- তিনি বাস চালানোর সময় নয়, নিজের বিরতিতে নামাজ পড়ছিলেন। তবু বিতর্কের কেন্দ্রে চলে আসে তার কাজ নয়, তার পরিচয়। এখানেই প্রশ্ন ওঠে, ইউরোপে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক কি ধীরে ধীরে আচরণ থেকে সরে এসে পরিচয়ের বিতর্কে পরিণত হচ্ছে?
এই প্রশ্নের উত্তর এখনো চূড়ান্ত নয়। কিন্তু এটুকু স্পষ্ট, ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ইদানিং ঘন ঘন ঘটছে। আর প্রতিটি নতুন ঘটনা পুরোনো বিতর্ককে আরও একটু বিস্তৃত করে দিচ্ছে।
হয়তো এখানেই পুরো বিতর্কটির সবচেয়ে বড় বিদ্রূপ লুকিয়ে আছে।
ইউরোপ নিজেকে দীর্ঘদিন ধরে ব্যক্তিস্বাধীনতা, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার অন্যতম প্রবক্তা হিসেবে তুলে ধরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই মহাদেশই আধুনিক মানবাধিকারের ধারণাকে দিয়েছে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি। ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুর অধিকার, আইনের শাসন; এসব কেবল নীতিগত ঘোষণা ছিল না, বরং ইউরোপীয় গণতন্ত্রের পরিচয়ের অংশ হয়ে উঠেছিল।
কিন্তু গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনই আসে, যখন তাকে এমন একটি স্বাধীনতা রক্ষা করতে হয়, যা সংখ্যাগরিষ্ঠের কাছে অস্বস্তিকর বলে মনে হতে পারে।
যে মতের সঙ্গে আমরা একমত, তার স্বাধীনতা রক্ষা করা সহজ। কঠিন হলো সেই বিশ্বাসের অধিকার রক্ষা করা, যার সঙ্গে আমরা একমত নই। উদার গণতন্ত্রের আসল শক্তি সেখানেই। কারণ তার ভিত্তি অভিন্নতা নয়, বরং ভিন্নতার মধ্যেও সহাবস্থানের ধারণা।
এই কারণেই রাষ্ট্রীয় নিরপেক্ষতার ধারণাটিও এত গুরুত্বপূর্ণ। কিন্তু নিরপেক্ষতা আর সবকিছু একরকম করে ফেলা– দুটো বিষয় এক নয়।
একটি রাষ্ট্র নিরপেক্ষ হতে পারে এই অর্থে যে, সে কোনো ধর্মকে বিশেষ সুবিধা দেবে না। আবার সেই রাষ্ট্র একই সঙ্গে এমনও হতে পারে, যেখানে একজন শিখ তার পাগড়ি, ইহুদি তার কিপ্পাহ, খ্রিস্টান তার ক্রুশ কিংবা একজন মুসলিম তার হিজাব নিয়েই সমান মর্যাদায় নাগরিক হিসেবে বাঁচতে পারবেন। রাষ্ট্রের নিরপেক্ষতা তখন নাগরিকের পরিচয় মুছে দিয়ে নয়, বরং সবার পরিচয়কে সমানভাবে স্বীকৃতি দিয়েই প্রতিষ্ঠিত হয়।
অবশ্য এই জায়গায় এসে আরেকটি বাস্তবতাও স্বীকার করতে হয়।
সমাজ শুধু নীতিমালার ওপর চলে না। মানুষের অনুভূতি, ভয়, অনিশ্চয়তা এবং রাজনৈতিক বাস্তবতাও রাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ইউরোপের অনেক নাগরিক সত্যিই মনে করেন, দ্রুত বদলে যাওয়া সামাজিক বাস্তবতায় তাদের পরিচিত সমাজ পাল্টে যাচ্ছে।
কেউ কেউ অভিবাসনকে দেখছেন অর্থনৈতিক চাপ হিসেবে, কেউ নিরাপত্তার ঝুঁকি হিসেবে, আবার কেউ সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হিসেবে। গণতন্ত্রে এই উদ্বেগগুলোও বাস্তব। সেগুলোকে অবজ্ঞা করলে সমস্যার সমাধান হয় না।
কিন্তু ঠিক এখানেই রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব সবচেয়ে বেশি।
জনমতের প্রতিফলন ঘটানো যেমন রাজনীতির কাজ, তেমনি জনমতকে ন্যায়বিচার, সংবিধান এবং মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখাও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই প্রথমে জনপ্রিয় ছিল না। কিন্তু পরে সেগুলোই আরও শক্তিশালী করেছে গণতন্ত্রকে।
এই কারণেই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত আর গণতন্ত্র- দুটিকে এক করে দেখা যায় না। নির্বাচন গণতন্ত্রের একটি অংশ। কিন্তু গণতন্ত্রের পূর্ণতা আসে তখনই, যখন সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার পাশাপাশি সংখ্যালঘুর অধিকারও সমানভাবে সুরক্ষিত থাকে।
আজ ইউরোপ যে প্রশ্নের মুখোমুখি, সেটি হয়তো আগামী দিনে অন্য অনেক সমাজের সামনেও এসে দাঁড়াবে।
বিশ্বায়নের যুগে মানুষের চলাচল বাড়বে। অভিবাসনও থামবে না। নানা ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ একই শহরে, একই কর্মস্থলে, একই শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে বসবাস ও কাজ করবেন। ফলে আরও জটিল হবে পরিচয়ের প্রশ্নও। তখন রাষ্ট্র কি সবার পার্থক্যকে আড়াল করতে চাইবে, নাকি সেই পার্থক্যগুলোর মধ্যেই একটি যৌথ নাগরিক পরিচয় গড়ে তুলবে, সেটিই হয়ে উঠবে বড় প্রশ্ন।
সম্ভবত এখানেই জুরিখের সেই বাসচালকের গল্পটির গুরুত্ব।
তিনি ইতিহাস বদলে দেননি। কোনো আন্দোলনের ডাকও দেননি। তিনি কেবল নিজের বিরতির সময় কয়েক মিনিট প্রার্থনা করেছিলেন। কিন্তু কখনো কখনো ইতিহাস বড় ঘটনাকে নয়, ছোট ছোট মুহূর্তকেই আয়না হিসেবে ব্যবহার করে। সেই আয়নায় সমাজ নিজের মুখ দেখে, নিজের ভয় এবং সীমাবদ্ধতাও দেখে।
হয়তো জুরিখের সেই কয়েক মিনিটের নীরব প্রার্থনা শেষ পর্যন্ত আমাদের ধর্ম সম্পর্কে যতটা না ভাবায়, তার চেয়ে বেশি ভাবায় স্বাধীনতা সম্পর্কে।
হয়তো এ কারণেই জুরিখের সেই বাসচালকের গল্পটি আমাদের সময়ের একটি বড় প্রশ্নকে সামনে নিয়ে আসে। প্রশ্নটি একজন মুসলিম কর্মীর নামাজ নিয়ে নয়, কিংবা একজন নারী রাজনীতিকের হিজাব নিয়েও নয়। প্রশ্নটি হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নাগরিককে কতটা স্বাধীন দেখতে প্রস্তুত, যদি সেই স্বাধীনতার প্রকাশ সংখ্যাগরিষ্ঠের কাছে অস্বস্তিকর মনে হয়?
এই প্রশ্নের উত্তর সহজ নয়। হওয়ার কথাও নয়। কারণ রাষ্ট্রের দায়িত্ব শুধু স্বাধীনতা নিশ্চিত করা নয়; নিরাপত্তা নিশ্চিত করাও তার দায়িত্ব। আবার সমাজের দায়িত্ব শুধু বৈচিত্র্য উদ্যাপন করা নয়; সামাজিক সংহতি বজায় রাখাও জরুরি। তাই এই বিতর্ককে সাদা-কালোতে ভাগ করলে বাস্তবতার অনেকটাই আড়ালে থেকে যায়।
তবু একটি বিষয় মনে রাখা প্রয়োজন।
গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এই নয় যে, সেখানে সবাই একই রকম। বরং সেখানে মানুষ ভিন্ন হয়েও একই আইনের অধীনে সমান মর্যাদায় বাঁচতে পারা। রাষ্ট্র যদি নিরপেক্ষ হতে চায়, তবে প্রথম শর্ত হওয়া উচিত নাগরিকের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা নয়, বরং ধর্ম-বিশ্বাস নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করা। কারণ নিরপেক্ষতা তখনই অর্থবহ হয়, যখন তা বৈচিত্র্যকে অস্বীকার না করে তা ধারণ করতে পারে।
এ কারণেই ইউরোপের বর্তমান বিতর্ককে কেবল ইউরোপের সমস্যা বলে দেখলে ভুল হবে। প্রযুক্তির যুগে মানুষের চলাচল বাড়ছে, সমাজ আরও বহুসাংস্কৃতিক হচ্ছে, পরিচয়ের প্রশ্নও হয়ে উঠছে আরও জটিল। আজ যে প্রশ্ন জুরিখ, জেনেভা কিংবা লিসবনে উঠছে, কাল সেটি দাঁড়াতে পারে ঢাকা, দিল্লি, লন্ডন বা টরন্টোর সামনেও। ভিন্ন পরিচয়ের মানুষকে একসঙ্গে নিয়ে একটি রাষ্ট্র কীভাবে চলবে, এটি হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোর একটি।
ইতিহাস বলছে, স্বাধীনতা খুব কম ক্ষেত্রেই একদিনে হারিয়ে যায়। তার পরিধি ছোট হয় ধীরে ধীরে। কখনো নিরাপত্তার নামে, কখনো শৃঙ্খলার নামে, কখনো নিরপেক্ষতার নামে। আবার একই ইতিহাস এটাও বলে, প্রতিটি প্রজন্মকে নতুন করে ঠিক করতে হয়—এই মূল্যবোধগুলোর মধ্যে কোনটির জন্য তারা কতটা মূল্য দিতে প্রস্তুত।
সম্ভবত সেই সিদ্ধান্তের মুহূর্তেই ইউরোপ দাঁড়িয়ে আছে।
নিয়ন্ত্রণের প্রয়োজন অস্বীকার করা যায় না। কিন্তু নিয়ন্ত্রণ যদি এমন এক জায়গায় পৌঁছে যায়, যেখানে মানুষ নিজের বিশ্বাস, পরিচয় বা ব্যক্তিসত্তা প্রকাশ করার আগে রাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে ভাবতে বাধ্য হয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, রাষ্ট্র কি তখনও কেবল শৃঙ্খলা রক্ষা করছে, নাকি অজান্তেই স্বাধীনতার চারপাশে অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে?
শেষ পর্যন্ত ফিরে আসি সেই প্রথম দৃশ্যে।
কয়েক মিনিটের একটি বিরতি। একটি জায়নামাজ। তারপর আবার বাস চালিয়ে নিজের কাজে ফিরে যাওয়া একজন মানুষ।
হয়তো ভবিষ্যত ইতিহাস এই ঘটনাটিকে খুব বড় কিছু বলে মনে রাখবে না। কিন্তু আমাদের সময়ের একটি প্রশ্নকে মনে রাখবে, উদার গণতন্ত্রের আসল শক্তি কি মানুষকে একই রকম করে তোলা, নাকি ভিন্ন হয়েও একসঙ্গে বাঁচার জায়গা তৈরি করা?
এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে, স্বাধীনতা সত্যিই মুক্ত থাকবে, নাকি ধীরে ধীরে নিয়ন্ত্রণের এক অদৃশ্য কারাগারে নিজেই বন্দি হয়ে পড়বে।