একটি সরকারি হাসপাতালের রক্তকাণ্ড

একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেবাগ্রহীতাদের মধ্যে। এখানে নাকি মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র ব্যবহার করা হয় রক্ত পরীক্ষার জন্য। তারা রক্তও নাকি সংগ্রহ করে মেয়াদোত্তীর্ণ ব্লাডব্যাগে।

খয়ের আলী একজন ক্ষুদ্র ব্যবাসায়ী। জ্বর নিয়ে গিয়েছিলেন ডাক্তারের কাছে। ডাক্তার তাকে একগাদা রক্ত পরীক্ষা করতে বলেন। অল্প আয়ের খয়ের আলী সরকারি হাসপাতালকেই বেছে নেন কম খরচে রক্ত পরীক্ষার জন্য। 

হাসপাতালের ট্রান্সফিউশন বিভাগের সামনে গিয়ে দেখেন সেবাগ্রহীতাদের হট্টগোল। সবাই কী নিয়ে যেন কানাঘুষা করেছ। অনেকে পরীক্ষার জন্য রক্তের নমুনা না দিয়েই ফিরে যাচ্ছেন। 

কী ব্যাপার? একটু কান পাততেই খয়ের আলী বুঝতে পারেন, এরা সবাই আতঙ্কিত। এই হাসপাতালটিতে রক্ত পরীক্ষার জন্য মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে, এমন একটি খবর এদের মধ্যে ছড়িয়ে পড়েছে। 

রক্ত পরীক্ষা না করে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন খয়ের আলী। 

যাওয়ার সময় বলে গেলেন, “সরকারি হাসপাতালে ভর্তুকি দেওয়া হয় নিম্ন আয়ের মানুষ যাতে কম খরচে চিকিৎসা পায়। কিন্তু তা না হয়ে যদি মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র ব্যবহার করে পরীক্ষা-নীরিক্ষা চলে, তাহলে তো জীবন মরণের বিষয়টিই মুখ্য হয়ে উঠবে।”

যে হাসপাতালটির কথা বলছি, সেটির নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। সিরাজগঞ্জ শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে শিয়ালকোল বাজার এলাকায় ৫শ শয্যার এই হাসপাতালটির অবস্থান। 

২০১৪ সালে ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজ জেলায় তার পিতা জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে হাসপাতালটি স্থাপন করেন। ২০২৬ সালের ২০এ এপ্রিল পর্যন্ত এর নাম ছিল শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। ২১এ এপ্রিল থেকে এটির নাম হয় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।

“সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল শুধু সিরাজগঞ্জ জেলার নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষের আস্থার প্রতীক”, বলছিলেন স্থানীয় সাংবাদিক খালিদ হৃদয়।

এখন এই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ব্লাডব্যাগ ব্যাবহারের খবর ছড়িয়ে পড়ায় “অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সরকারি হাসপাতালের চিকিৎসায় আস্থা হারাচ্ছেন” বলে উল্লেখ করেন খালিদ হৃদয়।

বিশেষজ্ঞরা বলেন, শরীরে একটুখানি দূষিত রক্ত প্রবেশ করলে কিংবা একটু অবহেলা মানেই নিশ্চিত মৃত্যু।

উদ্বেগ উৎকণ্ঠার এসব তথ্য জানার পর আলাপ এই ঘটনা নিয়ে টানা দশ দিনের অনুসন্ধান চালিয়ে চমকে ওঠার মতো তথ্য পেয়েছে। 

আলাপের অনুসন্ধানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে শত শত রোগীর রক্ত পরীক্ষার এবং দেড় শতাধিক মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগে রক্ত সংরক্ষণ করার প্রমাণ মিলেছে। 

শুধু তাই নয়, এই ঘটনা ধামাচাপা দেওয়ার এবং মেয়াদোত্তীর্ণ ব্লাডব্যাগে রাখা রক্ত কাদের শরীরে ঢোকানো হয়েছে, এর পর তাদের কী প্রতিক্রিয়া হয়েছে, সেইসব তথ্য গোপনের চেষ্টাও আলাপের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

২০এ সেপ্টেম্বর মেয়াদ ফুরিয়ে গেলেও ৫০৮টি ব্যাগ ব্যবহার করা হয়েছে ৩০এ সেপ্টেম্বর পর্যন্ত। আবার সেখানে মজুতও থেকে গেছে ৮২১টি।  

রক্ত পরীক্ষার নামে যা হয়েছে 

“সরকারি হাসপাতালে আসি স্বল্প খরচে ভাল চিকিৎসার জন্য। কিন্তু এখানে যদি এতটা অনিয়ম হয়, তাহলে আমরা যাব কোথায়?” 

বলছিলেন লাইলি বেগম। তিনি গত অক্টোবরের শেষদিকে হাসপাতালটিতে চিকিৎসা নিতে যান। হাসপাতালে গিয়ে চমকে যান তারা। জানতে পারেন, রক্ত পরীক্ষার নামে সেখানে কী হচ্ছে।

আতঙ্ক ছড়িয়ে পড়ে লাইলি বেগমের মনে। অবশেষে চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান তিনি। একই কারণে চিকিৎসা না নিয়ে এই প্রতিবেদকের সামনেই বাড়ি ফিরে যান জামিল নামে আরেক রোগী।

যাওয়ার আগে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়ে যান লাইলি বেগম।

আলাপের কাছে আসা নথিপত্র ও তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত ৪ঠা জুলাই হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে পাঠানো হয় ২৯ প্যাক (এক প্যাকে ১৬টা) রিএজেন্ট ও ২৩৭০টি ব্লাড ব্যাগ। সেগুলো বুঝে নেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা।

সেখানে থাকা রিএজেন্টের মেয়াদ ছিল ২৮এ অগাস্ট পর্যন্ত। আর ব্লাড ব্যাগের মেয়াদ শেষ হয় ২০এ সেপ্টেম্বর। কিন্তু ঝামেলা বাধে এখানেই।

হাসপাতালের বর্তমান মজুত, নতুন সংযোগ, খরচ ও মোট স্থিতির নথি থেকে জানা যাচ্ছে, পয়লা সেপ্টেম্বর থেকে ৩০এ সেপ্টেম্বর পর্যন্ত ব্লাড ব্যাগ ব্যবহার করা হয় ৫০৮টি। এরপরও মজুত থেকে যায় ৮২১ ব্যাগ। 

বাকি ১০৪১টি ব্লাডব্যাগ জুলাই ও অগাস্ট মাসে ব্যবহার হয়।

গত পয়লা অক্টোবরের ওই নথিতে সই আছে হাসপাতালটির ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক একেএম শোয়েবের। 

এর অর্থ হলো ২০এ সেপ্টেম্বর মেয়াদ ফুরিয়ে গেলেও ৫০৮টি ব্যাগ ব্যবহার করা হয়েছে ৩০এ সেপ্টেম্বর পর্যন্ত। আবার সেখানে মজুতও থেকে গেছে ৮২১টি।  

তার মানে, মেয়াদ শেষের পরও রক্ত সংগ্রহে ব্যবহার করা হয়েছে ওই ব্যাগগুলো। সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই প্রমাণও পেয়েছে আলাপ। 

আবার রক্ত নেওয়ার পর পরীক্ষা হয়েছে যেসব রিএজেন্ট দিয়ে, সেগুলোর মেয়াদ শেষ হয় ২৮এ অগাস্ট।

কিন্তু মেয়াদোত্তীর্ণ কতগুলো ব্যাগ এবং রিএজেন্ট ব্যবহার করা হয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সেপ্টেম্বর মাসে ৫০৮টি ব্যাগ ব্যবহার করা হয়েছে। দিনে গড়ে লেগেছে প্রায় ১৭টি। সেই হিসাবে ২১ থেকে ৩০এ সেপ্টেম্বর পর্যন্ত ব্লাড ব্যাগ ব্যবহার করা হতে পারে ১৭০টি। এই ১৭০টি ব্যাগের সবগুলো ছিলো মেয়াদোত্তীর্ণ। 

নথি ঘেঁটে দেখা গেছে, প্রায় তিন বছর আগে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোর সেইফ ব্লাড ট্রান্সফিউশন প্রোগ্রামের আওতায় দেশের সব হাসপাতালে ব্লাড ব্যাগ সরবরাহ করা হয়েছিল। এই হাসপাতালের ব্যাগগুলোও ছিল ওই প্রোগ্রামের অংশ। 

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ব্লাডব্যাগ ব্যাবহারের খবর ছড়িয়ে পড়ায় “অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সরকারি হাসপাতালের চিকিৎসায় আস্থা হারাচ্ছেন”

রিএজেন্ট ও ব্লাডব্যাগ কী এবং কেন গুরুত্বপূর্ণ 

রিএজেন্ট হলো বিশেষ রাসায়নিক তরল, যা রক্তের নির্দিষ্ট উপাদানকে শনাক্ত বা তার পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়।

রক্তে গ্লুকোজ, কোলেস্টোরেল, ক্রিয়েটিনিনের মতো উপাদানগুলো কতটুকু আছে, তা নিখুঁতভাবে জানা যায় রিএজেন্ট মেশানোর পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রং পরিবর্তন বা মেশিনের সাহায্যে।

রক্তের গ্রুপ জানার জন্য রক্তের নমুনার সাথে মেশানো হয় নির্দিষ্ট রিএজেন্ট।

এছাড়া থাইরয়েড, হরমোন বা শরীরে কোনো ভাইরাসের (ডেঙ্গু বা জন্ডিস) বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি খুঁজতেও ব্যবহার করা হয় বিশেষ রিএজেন্ট।

ব্লাড ব্যাগ হলো রক্তদাতার শরীর থেকে রক্ত সংগ্রহ, ল্যাবে প্রক্রিয়াকরণ এবং তা নিরাপদভাবে সংরক্ষণ করার জন্য বিশেষভাবে তৈরি এক ধরনের প্লাস্টিক ব্যাগ।

ব্লাড ব্যাগের ভেতরে আগে থেকেই বিশেষ তরল রাসায়নিক দেওয়ার কারণে শরীর থেকে বের হওয়া রক্তকে ব্যাগের ভেতর জমাট বাঁধতে দেয় না। ফলে রক্ত থাকে তরল ও সতেজ।

একটি আধুনিক ব্লাড ব্যাগের সাথে আরও কয়েকটি ছোট ব্যাগ যুক্ত থাকে যাকে স্যাটেলাইট ব্যাগ বলে। সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে এই ব্যাগের ভেতরেই আস্ত রক্ত থেকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাজমা এবং প্ল্যাটিলেট আলাদা করে সংরক্ষণ করা যায়।

রক্তকে ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকদিন পর্যন্ত সুরক্ষিত রাখতে সাহায্য করে এই ব্যাগ। এছাড়া এটি সম্পূর্ণ জীবাণুমুক্ত হওয়ায় শরীর থেকে রক্ত নেওয়ার সময় বা রোগীর শরীরে রক্ত দেওয়ার সময় ছড়াতে পারে না কোনো ইনফেকশন।

রক্ত পরীক্ষা এবং রক্ত সঞ্চালনের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য রিএজেন্ট এবং ব্লাড ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেই মেয়াদোত্তীর্ণ ওইসব উপকরণ দিয়েই চিকিৎসা চালানো হয়েছে অনেক রোগীর। 

এই ঘটনাকে ‘মারাত্মক ক্ষতিকর’ বলে বর্ণনা করেছেন একজন বিশেষজ্ঞ। এর ফলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে বলে আশঙ্কা তার। 

প্যাথলজিস্ট (রোগবিদ্যাবিদ) ডা. আব্দুল কাদের আলাপ-কে বলেন, “মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে পরীক্ষা করলে রিপোর্টের সঠিকতা নষ্ট হয়, যা ভুল চিকিৎসার কারণ হতে পারে।” 

“আর মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগে সঞ্চিত রক্ত শরীরে প্রবেশ করলে নানা সংক্রমণসহ বিভিন্ন জটিলতায় রোগীর মৃত্যুর কারণও হতে পারে,” বলেন তিনি। 

ডা. আব্দুল কাদের আরও বলেন, মেয়াদোত্তীর্ণ রিএজেন্টের রিপোর্টে ভুল আসে। আর মেয়াদ পার হওয়া ব্যাগের রক্ত শরীরে গেলে ইনফেকশন ও বিষক্রিয়ায় হতে পারে রোগীর মৃত্যু। 

২০১৪ সালে ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজ জেলায় তার পিতা জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর নামে হাসপাতালটি স্থাপন করেন। ২০২৬ সালের ২০এ এপ্রিল পর্যন্ত এর নাম ছিল শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। ২১এ এপ্রিল থেকে এটির নাম হয় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।

যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সেগুলো কেন ব্যবহার হলো এবং কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কীভাবে? নাকি এর পেছনে জড়িত ছিলেন খোদ হাসপাতালটিরই কিছু কর্মকর্তা ও কর্মচারী? তারা কি সচেতনভাবেই এটা করেছিলেন? 

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. এ বি এম কামরুল হাসানের কাছে এসব প্রশ্ন নিয়ে গেলে তিনি জবাব দেন, “মেয়াদোত্তীর্ণ কোনো কিছুই ব্যবহার করার সুযোগ নেই।”

তাহলে কীভাবে ঘটলো এসব? জানতে ফিরে যেতে হবে ৪ঠা জুলাই। সেদিন ট্রান্সফিউশন বিভাগে রিএজেন্ট ও ব্লাড ব্যাগ বুঝে নেওয়া হয়। 

এগুলো বুঝে নেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. একেএম শোয়েব এবং দুই মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহিনুর ইসলাম ও মো. রাজু আহমেদ। 

৪ঠা জুলাই শাহিনুর ছিলেন ল্যাবের ইনচার্জ। পরে সেই দায়িত্ব পান রাজু আহমেদ। 

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের নতুন ল্যাব ইনচার্জ অভিযোগের আঙুল তোলেন আগে যারা দায়িত্বে ছিলেন তাদের দিকেই।

আগের দায়িত্বে ছিলেন শাহিনূর ইসলাম। ঘটনাটি তার জানার কথা।

জানতে চাইলে আলাপ-কে শাহিনুর বলেন, “মেয়াদ না থাকা ব্যাগে রক্ত সংগ্রহ করা উচিত হয়নি।”

আর বর্তমান স্টোর ইনচার্জ রাজু আহমেদের বক্তব্য, রিএজেন্ট ও ব্লাড ব্যাগের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

তবে এই বিষয়ে “আরও সতর্ক হওয়া উচিত”, বলেন তিনি।

বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসান বলেন, “মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম অপসারণ করার জন্য যে মিটিং হওয়ার কথা, সেটি না হওয়ার জন্য মেয়াদোত্তীর্ণ সরঞ্জামগুলো হয়তো রয়ে গেছে।”   

তিনি আরও বলেন, “কীভাবে এগুলো ব্যবহার হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হবে।” 

২০এ সেপ্টেম্বর মেয়াদ ফুরিয়ে গেলেও ৫০৮টি ব্যাগ ব্যবহার করা হয়েছে ৩০এ সেপ্টেম্বর পর্যন্ত। আবার সেখানে মজুতও থেকে গেছে ৮২১টি।  

মেয়াদোত্তীর্ণ ব্যাগভর্তি রক্ত ফ্রিজে

আলাপ-এর অনুসন্ধান চলে ১১ই অক্টোবর থেকে ২১এ অক্টোবর পর্যন্ত। অনুসন্ধানের বিষয় জানতে পেরে হাসপাতালটির ট্রান্সফিউশন বিভাগ থেকে ১২ই অক্টোবর আলামত সরিয়ে ফেলা হয়। 

ঊর্ধ্বতনদের নির্দেশেই আলামত সরিয়ে ফেলা হয় বলে জানতে পেরেছে আলাপ। 

সরেজমিন অনুসন্ধানে গিয়ে ১১ই অক্টোবর দেখা যায়, ফ্রিজে রাখা রক্ত ভর্তি বেশকিছু ব্লাড ব্যাগ, যেগুলোর মেয়াদ শেষ হয়েছিল ২০এ সেপ্টেম্বর। 

কিন্তু একদিন পরই ১২ই অক্টোবর, সেগুলো আর পাওয়া যায়নি। তবে আলাপ-এর কাছে ১১ই অক্টোবরের ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ ব্যাগগুলোর ভিডিও রয়েছে। 

সেখানে কথা হয় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সাবেক স্টোর ইনচার্জ মো. শাহিনুর ইসলামের সঙ্গে। ব্যাগের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা অবশেষে স্বীকার করেন তিনি। 

“হয়তো ভুলই হয়ে গেছে। আমরা হয়তো খেয়াল করি নাই,” বলেন শাহিনুর। একইসঙ্গে দাবি করেন, মেয়াদোত্তীর্ণ ব্যাগের রক্তগুলো কাউকে দেওয়া হয়নি।  

রিএজেন্ট ও ব্লাড ব্যাগের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান। 

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জবাব দেন তিনি। 

হাসপাতাল মানেই সেটা হওয়ার কথা মানুষের ভরসার জায়গা। বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ বিশ্বাস করেন, তাদের জীবনের নিরাপত্তাটুকু অন্তত নিশ্চিত থাকবে। কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা সেই বিশ্বাসকেই দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে।

প্রায় পৌনে দুশ রোগীর রক্ত সংগ্রহে মেয়াদোত্তীর্ণ ব্লাডব্যাগ ব্যবহার, রক্ত পরীক্ষায় মেয়াদ পেরিয়ে যাওয়া রিএজেন্টের প্রয়োগ এবং সংরক্ষিত রক্তের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা সংরক্ষণ করা রক্ত কারো শরীরে প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন। 

নথিপত্র সরিয়ে ফেলায় তাদের এসব দাবির সত্যমিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে যাদের রক্ত পরীক্ষা করা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে তাদের তালিকাও। 

এসব কারণে কোন রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন কি না, কারো প্রাণহানি ঘটেছে কিনা হাসপাতালে সেসব প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।