নিউ ইয়র্কে এরদোয়ানের সাথে তারেক রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।  যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে নেশনস প্লাজাযর তুর্কি হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করছেন তারেক রহমান। এর সাইড লাইনে এরদোয়ানের সাথে বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হকের বরাতে এই খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার এবং বহুমাত্রিক করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন দুই শীর্ষ নেতা।
অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতেও সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর জোর দেন তারা।
দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার বিষয়েও বৈঠকে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের।