প্যালেস্টাইনের ‘ওয়েস্ট ব্যাংকে’ ইসরায়েলের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা

প্যালেস্টাইনের পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ধরনের একক সিদ্ধান্ত অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতা এবং কার্যকর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা ব্যাহত করে।
বাংলাদেশ ইসরায়েলকে প্যালেস্টাইনের ভূখণ্ডে বসতি তৈরির কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে প্যালেস্টাইনের জনগণের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক অধিকারের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ১৯৬৭ সালের আগের সীমানার ওপর ভিত্তি করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের অধিকার দেশটির নাগরিকদের।
মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ন্যায্য, সমন্বিত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্যালেস্টাইন রাষ্ট্রগঠনবিরোধী কোনো পদক্ষেপরোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।