যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে ‘আমেরিকা উইক ২০২৬’। রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতে সাতদিনব্যাপী বিভিন্ন আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ উদ্যোগ ‘ফ্রিডম টু ফিফটি’র অংশ হিসেবে বাংলাদেশে এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেছেন, “এই উৎসবের মূল উদ্দেশ্য মার্কিন সংস্কৃতি, ইতিহাস এবং মূল্যবোধ সরাসরি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
সপ্তাহব্যাপী উদযাপনের অন্যতম আয়োজন হিসাবে থাকছে মার্কিন সেনাবাহিনীর ‘২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্রাস ব্যান্ড’-এর পরিবেশনায় ‘ফ্রিডম টু ফিফটি কনসার্ট’।
এ ছাড়া ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজন করা হয়েছে ‘আমেরিকান ফেয়ার’। অন্যদিকে সিলেটে হবে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনী।
পূর্ণিমা রাই জানান, “রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই উৎসবের মাধ্যমে আমেরিকার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে সরাসরি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবেন। এতে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।”