কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে ২৪এ এপ্রিল থেকে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৪এ এপ্রিল মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত ৩১এ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত মৎস্য সম্পদের উন্নয়ন, মৎস্য আহরণ ও বাজারজাত করণের সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্তকরণ প্রক্রিয়া শুরু হবে ২রা মে থেকে।
তবে এই সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় দেওয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এ তালিকায় রয়েছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার মোট ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবার।
এ সময় প্রতি পরিবারে দুই মাসে ২০ কেজি করে ৪০ কেজি চাল পাবে।