এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ১৮ই এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আগামী ২১এ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিএমপির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীরা যেন যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়। যে সকল পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা যেন পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে যায় এবং ফেরার সময় একই প্রক্রিয়া অনুসরণ করবেন।
এ ছাড়া অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়। সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করলে আইন অনুযায়ী অর্থদণ্ড করা হতে পারে বলেও সতর্ক করা হয়।
নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে (পরীক্ষার্থী ছাড়া) পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ পরিহার করবেন।
ইতোমধ্যে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থানও নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়।
আগামী ২১এ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা শেষ হবে ২০এ মে।