হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত ১১ টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে হজ ফ্লাইট শুরু হবে ১৮ই এপ্রিল শুক্রবার।

এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ দিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইনসের।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩, ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

সৌদি আরবের সাথে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬এ মে ২০২৬ হজ অনুষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকতা শেষে ৩০এ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং পহেলা জুলাই শেষ হবে।