ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিএনপি-র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দু'টি আসনে নির্বাচিত হন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপ-নির্বাচন হচ্ছে।
এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে ৩রা ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত হয়। এখন সেখানেও উপ-নির্বাচন চলছে।
দুই আসনের কোনো আসনেই গণভোট হচ্ছে না। বগুড়া-৬ আসনে আগেই গণভোট হয়েছে। আর জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হয়ে যাওয়ায় শেরপুর-৩ আসনেও গণভোট নেওয়া হচ্ছে না।
বগুড়া-৬ আসনে ভোটার আছে ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এখানকার প্রার্থীরা হলেন - বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির মো. আল-আমিন তালুকদার।
শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। এখানকার প্রার্থীরা হলেন - বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।