মিয়ানমারের প্রেসিডেন্ট পদে লড়বেন জান্তা প্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছেন সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার পর তাকে এই মনোনয়ন দেয়া হয় বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

মিয়ানমারের প্রেসিডেন্ট পদের জন্য এখন মিন অং হ্লাইং এবং আরো দুইজন মনোনিত সদস্যের মধ্যে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এর আগেই সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

সোমবার দেশটির রাজধানী নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ‘মিয়ানমার নাও’।

এর আগে, আরেকটি পৃথক অনুষ্ঠানে মিন অং হ্লাইং সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব তার বিশ্বস্ত ইয়ে উইন উ’র কাছে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল।

আর ইয়ে উইন উ ২০২০ সালে মিয়ানমারের গোয়েন্দা প্রধান নিযুক্ত হন। যাকে চলতি মাসের শুরুর দিকে সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে পদোন্নতি দেওয়া হয়।