অসত্য, অপতথ্য রোধ করাসহ নিউ মিডিয়া ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পটির নাম ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ।’
প্রকল্পটি সম্পর্কে ডা. জাহেদ বলেন, “সামাজিক মাধ্যমের একটা নতুন ফেনোমেননের কথা বলি- যেটা আমার কাছে খুবই এলার্মিং মনে হয়। প্রতিষ্ঠিত পরিচিত কোনও একটা নিউজ মিডিয়ার মতো করে একটা লোগো তৈরি করে। দূর থেকে দেখতে মনে হয় এটা ওই মিডিয়ার লোগো। একটা ভিন্ন নাম দিয়ে কতগুলো নিউজ দেওয়া হয় স্যাটায়ার করে। এটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ছড়াচ্ছে। কেউ স্যাটায়ার করতেই পারে। কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়। আমরা এই ব্যাপারটায়ও কাজ করতে চাই।”
এই ধরনের অপতথ্য মোকাবিলায় নীতিমালা তৈরির প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, “একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আমরা ডিল করতে চাই। ডিল করা বলতে আমরা খুব মারাত্মক খারাপ কিছু করছি তা না। মানুষকে সচেতন করা তো আছে। কিন্তু মানুষের কাছে এটা বোঝাতে চাই যে এটা অন্যায় এবং এটা অপরাধ।”
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ডিসইনফরমেশন মোকাবিলার জন্য ‘ডিসইনফরমেশন শনাক্ত করা, সেটি ডিবাঙ্ক করা ও জনগণের কাছে প্রচার করা’—এই তিন পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে নেওয়া হবে।