দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার। মঙ্গলবার তারা মন্ত্রিপরিষদে পদত্যাগপত্র পাঠান।

মঙ্গলবার দুপুরে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যান। একই সময়ে সেখানে যান কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আবদুল মোমেনর স্পষ্ট করে কিছু না বললেও, মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, “এইমাত্র পদত্যাগ করে এলাম।”

কারণ জানতে চাইলে তিনি জানান ব্যক্তিগত কারণেই পদত্যা করেছেন। গাড়িতে ওঠার সময় পতাকাও নামিয়ে দেন।

আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেছেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার সরকারি বাসায় বিদায়ী ভোজের আয়োজন করা হয়। সেখানে দুদক চেয়ারম্যানকে দেখা যাওয়ায় বেশ সমালোচনা হয়।

২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের দুই কমিশনারও একই সময়ে নিয়োগ পান।