বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মো. মোস্তাকুর রহমান। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো  এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হ'ল।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। 

মোস্তাকুর রহমান ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে ভূমিকা রেখেছেন।

এছাড়া তিনি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।