ভারতের সিকিমে ৪ ঘণ্টায় ১৩ ভূমিকম্প

৪ ঘণ্টায় ১৩ বার কেঁপে উঠেছে ভারতের সিকিম। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মূল ভূমিকম্প অনুভূত হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সাইসমোলজির তথ্য অনুযায়ী, সিকিমের গেলসিং অঞ্চলে মূল ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫, ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এরপর আসতে থাকে একের পর এক আফটারশক - মঙ্গন অঞ্চলে ৭টি, নামচি অঞ্চলে ৪টি ও গ্যাংটকে ৩.১ মাত্রার একটা ভূমিকম্পসহ মোট ১২টি আফটারশক, অর্থাৎ মোট ১৩টি ভূমিকম্প হয় সিকিমে। 

পরপর এতগুলো কম্পনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ও পর্যটকদের মধ্যে। ভয় পেয়ে সিকিমের বিভিন্ন ঘরবাড়ি ও হোটেলে অবস্থানরত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে। তবে বড় ধরণের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।