আমার কাছে খালেদা জিয়া মমতাময়ী মা, যিনি জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ফেইসবুক পোস্ট দিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান।

নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে খালেদা জিয়া বিভিন্ন বিশেষণে পরিচিত থাকলেও তার কাছে তিনি ছিলেন একজন মমততাময়ী মা, বলে লিখেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার ভাষায়, “আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।”

দেশের জন্য তার আত্মত্যাগের দৃষ্টান্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে জানিয়ে বলেন, “দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

নিজে বারবার গ্রেফতার, নিপীড়নের শিকার হয়েও নিজের পরিবারে মধ্যে অদম্য সাহস ও দেশপ্রেম সঞ্চার করে গেছেন বলে জানিয়েছেন তারেক রহমান। 

তিনি লিখেছেন, “ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।”

খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন পথ প্রদর্শক হারিয়েছে জানিয়ে তারেক রহমান তার পোস্টে আরও লিখেছেন, “আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।”