খালেদা জিয়ার মৃত্যু

যা বললেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

“বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।”

শোকবার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

“আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।” 

খালেদা জিয়ার মৃত্যুতে পরিবারের সদস্য ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”

খালেদা জিয়ার মৃত্যু ‘বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা’ বলে মন্তব্য করেছেন তিনি। 

মঙ্গলবার ফেইসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন,“অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন।”

“জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।” 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। গত ২৩এ নভেম্বর থেকে তিনি সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ছিলেন।