হাদির হত্যাকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি রফিকুল ইসলাম। 

তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। “তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে অবস্থান গোপনের প্রয়াস চালায়, এটা সেরকম প্রচেষ্টাও হতে পারে।”  

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন রফিকুল ইসলাম।  

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জায়গা থেকে ১০ জনকে গ্রেফতার করেছেন তারা। 

র‌্যাবের উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ফয়সালের শ্যালক শিপু এবং তার বন্ধুর তথ্যমতে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল রয়েছে।