অগাস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার (গ্লোবাল পজিশনিং সিস্টেম) বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১লা অগাস্ট।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৪ ও ১২৪(১)(থ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা মোতাবেক, প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং যানবাহন পরিচালনার সময় সেটি বাধ্যতামূলকভাবে সচল রাখতে হবে।

এছাড়া গণপরিবহনের সুনির্দিষ্ট আইন অনুযায়ী, ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের সময় প্রচলিত কারিগরি পরীক্ষা ছাড়াও জিপিএস সংযুক্তি নিশ্চিত করতে হবে। জিপিএস সংযুক্তির বিষয়টি যাচাই সাপেক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় গণবিজ্ঞপ্তি জারি করবে বিআরটিএ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেন।