ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক

নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক, গ্রাহকদের আন্দোলন এবং আমানত উত্তোলনের চাপের মধ্যে তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রবিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের কারণে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতির অবনতি ঘটে। 
ব্যাংক সূত্র জানায়, একপর্যায়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও হিমশিম খেতে হয় ব্যাংকটিকে।

এমন পরিস্থিতিতে অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।