সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ফেইসবুক রিলস, ইনস্টাগ্রামে আইনজীবীদের বিনোদনধর্মী ভিডিও প্রকাশ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
আইনজীবীদের পেশাগত পোশাক পরে অশালীন, বিনোদনমূলক বা পেশার মর্যাদাহানিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সতর্কীকরণ নোটিস জারি করেছে সংস্থাটি।
সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রফিকুল কুদ্দুস (কাজল) স্বাক্ষরিত নোটিসে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিসে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু আইনজীবী টিকটক, ফেইসবুক রিলস, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীদের পেশাগত পোশাক পরে চিত্র ধারণ, বিনোদনমূলক ভিডিও এবং অন্যান্য অনুপযুক্ত কনটেন্ট প্রকাশ করছেন।
বার কাউন্সিল মনে করে, এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থী এবং আইনজীবীদের জন্য নির্ধারিত আচরণবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন।
নোটিসে আরও বলা হয়, আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারবিধি অনুযায়ী একজন আইনজীবীর সর্বদা পেশার মর্যাদা রক্ষা করা আবশ্যক এবং তার আচরণ হতে হবে শালীন, মর্যাদাপূর্ণ ও পেশাদার।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীদের পেশাগত পোশাক যেমন পরে বিনোদনমূলক বা অশালীন ছবি ও ভিডিও তৈরি এবং প্রচারকে পেশাগত আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বার কাউন্সিল।