স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারলে যে কেউ প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় পরিচয়ে নয়, ব্যক্তিগত পরিচয়ে অংশ নিতে হবে। অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন কেউ আইনগত যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনি প্রচারণায় কোনো নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি বা দলীয় কার্যক্রম প্রচার করা যাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং সরকার সেই অবস্থান বজায় রাখতে চায়। এ বিষয়ে জারি করা অধ্যাদেশকে ইতোমধ্যে আইনে পরিণত করা হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে চাইলে তার বিরুদ্ধে মামলা আছে কিনা, সেটিই একমাত্র বিবেচ্য বিষয় নয়। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনে নির্ধারিত শর্ত পূরণ করাই মূল বিষয়।
তিনি জানান, নিষিদ্ধ কর্মসূচির নামে কোনো ধরনের প্রচারণা বা আইন লঙ্ঘনের চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।