দুই সপ্তাহের মধ্যে ‘পূর্ণ বিজয়’ ঘোষণার দাবি ট্রাম্পের, ইরানের নতুন সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে “পূর্ণ বিজয়” ঘোষণা করা হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা বন্ধে উভয়পক্ষ সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ মন্তব্য করেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে।

ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-র‌্যালিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই লড়াইয়ে এগিয়ে রয়েছে এবং খুব শিগগিরই সেই সাফল্য পূর্ণ বিজয়ে রূপ নেবে।

ট্রাম্প জানান, “আগামী দুই সপ্তাহের মধ্যেই আমরা পূর্ণ বিজয় ঘোষণা করবো। এটি খুব দ্রুত ঘটবে এবং এর প্রভাব বিশ্ববাজারেও পড়বে। তখন তেলের দামও কমে আসবে।”

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সোমবার ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা “চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো” জবাব দেবে।