হাফ ম্যারাথনে দৌড়াতে চাইলেন জাইমা রহমান

বিশ্বের ৩৮টি দেশের সাথে একযোগে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। ঢাকার হাতিরঝিলে হওয়া দৌড়ে অংশ নেয় এক হাজারের বেশি দৌড়প্রেমী।

দৌড় শেষে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান।

দৌড়ে অংশগ্রহণ করা সবাইকে অভিনন্দন জানান জাইমা রহমান। আগ্রহ প্রকাশ করেন নিজে দৌড়ানোরও।

রাশিয়ান হিরো লিগের এই উদ্যোগটি বাংলাদেশে টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। এর আয়োজক ছিলো ‘গেমপ্লে লিমিটেড’।

বরাবরের মত এবারও ১, ৫, ১০ এবং ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। এতে অংশগ্রহন করেন শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী মানুষ।

‘ওয়ান রান’ হাফ ম্যারাথন ২০১৭ সালে রাশিয়ায় যাত্রা শুরু করে পরবর্তীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এবছর রাশিয়া, চীন, ব্রাজিল, ভেনেজুয়েলা, সার্বিয়া, বেলারুশ, তানজানিয়াসহ বিশ্বের ৩৮টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে এই ম্যারাথন। খেলাধুলার প্রসার এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।