চীনের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন।
শানসি প্রদেশের টংঝৌ গ্রুপের লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণটি ঘটে। এ সময় খনিটিতে প্রায় ২৪৭ জন শ্রমিক ছিলেন।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে অন্তত ২০০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
তবে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন।
পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।