প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ১৬ জনকে স্ট্যান্ড রিলিজ

কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ এবং বদলি করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুমতি ছাড়া অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হতে দেখেন।

এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জনকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়।

এছাড়া একই অভিযানে দায়িত্বে অবহেলার অভিযোগে বিআইডব্লিউটিসির আরও তিন কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে।

সরকারি দপ্তরে দায়িত্বজ্ঞানহীন আচরণে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও নাগরিকসেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।