‘কুমিল্লা’ নামে নতুন বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথ সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, "কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে।"
প্রধানমন্ত্রী একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, "বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্বোধনের চেষ্টা করবো।"
প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের কথা বললে সেই সরকার মানুষকে গুম করে দিতো। ২০২৪ সালে ছাত্র-জনতা অভ্যুত্থান করে সেই সরকারকে বিতাড়িত করেছে।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের শক্তি উল্লেখ করে তাদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।