কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার প্রথম দিনে ২৩এ মের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।
এর আগে গত ৭ই মে রেল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ই মে থেকে অগ্রিম টিকিট এবং ২১এ মে থেকে ফিরতি টিকিট বিক্রি হবে।
ঈদযাত্রা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ১৪ই মে বিক্রি হবে ২৪এ মে’র টিকিট, ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ই মে বিক্রি হবে ২৬এ মে’র এবং ১৭ই মে বিক্রি হবে ২৭ই মে যাত্রার টিকিট।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।