ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ভিসা আবেদনকারীদের জন্য বড় ধরনের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি দূতাবাস বা হাইকমিশনের চাহিদা অনুযায়ী ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের টাকা সরাসরি পাঠাতে পারবে।

সোমবার জারি করা পরিপত্রে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, একই সঙ্গে ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই লোড করে দেওয়া যাবে, যা শুধু ভিসা সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। আগে থেকেই কার্ডধারী ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজনে ওই কার্ডে নতুন করে অর্থ লোড করার সুযোগও রাখা হয়েছে।

তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে কিছু নিয়ম কঠোরভাবে মানতে হবে। আবেদনকারীর বৈধ পাসপোর্ট, দূতাবাসের অফিসিয়াল চাহিদাপত্র, অর্থের পরিমাণ ও ফেরতের শর্ত যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি ভিসা আবেদন সংক্রান্ত রেফারেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই অর্থের রেকর্ড আলাদা করে রাখতে হবে এবং ভিসা বন্ড বা জামানতের টাকা ফেরত এলে তা দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া এই সুবিধা এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব অথবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।

সব লেনদেন বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নজরদারির আওতায় থাকবে এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও করসংক্রান্ত সব নিয়ম মেনে চলতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই উদ্যোগের ফলে যেসব দেশে ভিসাপ্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা নিরাপত্তা আমানত প্রয়োজন হয় সেখানে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে এবং আবেদনকারীদের ভোগান্তি কমবে।