ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ভারতীয় হাই কমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
‘আইওএস সাগর ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জাহাজটির এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব ও নৌ-সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আলী হায়দার (এফ-১৭)। পরে যুদ্ধজাহাজটির সহায়তায় আইওএস সাগরকে বন্দরে নিয়ে আসা হয়।
সফরকালে আইওএস সাগরের কমান্ডিং অফিসার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সামুদ্রিক যোগাযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচিতে স্বাগত সংবর্ধনা, জাহাজে ডেক রিসেপশন, চট্টগ্রাম কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ এবং পারস্পরিক জাহাজ পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে।
এ ছাড়া জাহাজটির নাবিকদল বিএনএস ইসা খান প্রশিক্ষণ কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। দুই দেশের নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ সফর ভারত ও বাংলাদেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় আরও জোরদারে ভূমিকা রাখবে।