বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার এবং ইউক্রেন যুদ্ধের সম্মুখসমরে পাঠানোর অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস ‘দ্য গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এ নিষেধাজ্ঞা জারি করে।

কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড মানব পাচারের সঙ্গে জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি নাগরিকদের রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে নিয়োগ করতো। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাদের শোষণের শিকার হতে হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব বাংলাদেশি নাগরিককে পরে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধে সম্মুখসমরে অংশ নিতে বাধ্য করা হয়েছে।

মানব পাচার ও অনিয়মিত অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।