ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে ইউএই, জ্বালানি বাজারে ধাক্কা

জ্বালানি তেল উৎপাদনকারী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন।

ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপি জ্বালানি সংকটের মধ্যেই ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত সরে যাওয়ার সিদ্ধান্ত নিলো বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত তেল রপ্তানিকারক গোষ্ঠীগুলোর জন্য একটা ‘বড় ধরনের ধাক্কা’।

ওপেকভুক্ত উপসাগরীয় তেল উৎপাদনকারীরা ইতোমধ্যেই পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি সচল রাখতে হিমশিম খাচ্ছে। 

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের হুমকি এবং জাহাজে হামলার কারণে এই রুটটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সোমবার 'গালফ ইনফ্লুয়েন্সার্স ফোরাম'-এর একটি অধিবেশনে ইরানি হামলার বিপরীতে আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়ার সমালোচনা করেন।

এরপরই ওপেক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এলো।