ইরান-ইসরাইল যুদ্ধের প্রথম আঘাত লেগেছে বাংলাদেশের সোনার বাজারে। যুদ্ধ শুরুর পর গত চারদিনে সোনার দাম বেড়েছে ১৬ হাজার ৩৮৮ টাকা।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এ সময়ে সোনার দাম বেড়েছে ০.৯১ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
এর আগে ২৭এ ফেব্রুয়ারি পর্যন্ত সোনার দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
যা ২৮এ ফেব্রুয়ারি, ২ মার্চ এবং সবশেষ ৩ মার্চ দাম বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।
সোনার নতুন দাম কার্যকর হয়েছে মঙ্গলবার সকালে।
দাম বাড়ার কারণ হিসাবে বাজুস তাদের বিজ্ঞপ্তিতে যুদ্ধের বা অন্তর্জাতিক বাজারের বিষয়ে উল্লেখ না করে কেবল তেজাবি সোনা অর্থাৎ পিওর গোল্ডের দাম বৃদ্ধিকে তুলে ধরেছে।
তেজাবি সোনা মূলত ২৪ ক্যারেট বা ৯৯.৯% খাঁটি স্বর্ণের স্থানীয় নাম। যদিও বাংলাদেশে এ ধরনের সোনা পাওয়া যায় না। বাংলাদেশে ২২ ক্যারেট থেকে সোনা ক্রয়-বিক্রয় হয়।
বাজুসের দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকায় বেচাকেনা হচ্ছে।