বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো এবং কৃষি উৎপাদনের উন্নয়নের জন্য বড় ধরনের ভ্যাট ও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এর ফলে হার্টের রিং, চোখের লেন্স এবং কিডনি ডায়ালাইসিসের খরচ কমবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এই প্রস্তাবগুলো উত্থাপন করা হয়।
কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং কৃষি খাতের সুরক্ষায় সারের ওপর থেকে ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ফসলের সুরক্ষায় ব্যবহৃত সব ধরনের কীটনাশক আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৭.৫ শতাংশ আগাম করও সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের খরচ কমিয়ে আনতে আমদানিকৃত হার্টের রিং এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহের ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমবে। এবং প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমবে।
এছাড়া, কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিস’ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশে কিডনি ডায়ালাইসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে বলে আশা করা হচ্ছে।