জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার প্রথম দল হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।
সংলাপে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসাবে সরকারের কাছে দুটি শর্ত তুলে ধরবে এনসিপি। দলটির দাবি, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং আগের অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে।
গতকাল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে সংকট চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে তারা তাতে সাড়া দেবেন। তবে জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের বিষয়ে সরকারের অঙ্গীকার থাকতে হবে। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান ছাড়া জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ নেই।
গত ১৮ই নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও সেদিন রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এনসিপির সঙ্গে সংলাপের পর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।