গাছের ডালে ডালে ঝুলছে মানুষের লাশ। যতদূর চোখ যায় কোনো ঘরবাড়ি নেই, আছে শুধু ধ্বংসস্তূপ। গবাদি পশু, ক্ষেত-খামার সব ভেসে গেছে। কোনো পরিবারের বেঁচে আছে দুই-একজন। আবার কোনো পরিবার একেবারেই নিশ্চিহ্ন। যারা বেঁচে আছে, তারা পাচ্ছে না খাবার, পাচ্ছে না পানি। কোনমতে গাছের ডাল জাপ্টে ধরে যারা ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বেঁচে গেছিলেন, তাদের অনেকে মারা গেছেন ক্ষুধায়-তৃষ্ণায়।
এই অবস্থায় বিদেশ থেকে ছুটে আসছে একের পর এক ত্রাণবোঝাই বিমান, সমাজকর্মী, বাড়ানো হচ্ছে সাহায্যের হাত। সবাই অবাক হয়ে দেখছে, যেই দেশে এই দুর্যোগ, এই বিপর্যয়, সেই দেশের সরকারই যেন পুরোপুরি নির্বিকার।
ভাবা যায়, দেশের মানুষ তুমুল বিপর্যয়ে জর্জরিত অবস্থায় সরকার নির্বিকারচিত্তে বসে থাকা? এমনটাই হয়েছিল একটি দেশে, এবং সেখান থেকে মানুষের ক্ষোভ উপচে পড়ে রূপ নেয় স্বাধিকার ও এক পর্যায়ে স্বাধীনতার সংগ্রামে।
১৯৭০ এর ভোলা ঘূর্ণিঝড়ের আগে-পরের অবস্থাটা এমনই ছিল। বাংলাদেশ, বা তখনকার পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হেনেছিল এই প্রলংকরী ঝড়। এর পরের বছরই বাংলাদেশ স্বাধীন হয়।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কোন বিষয়গুলো ত্বরান্বিত করেছিল? পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনীতি ও উন্নয়নের বৈষম্য, পূর্ব বাংলার মানুষের ভাষা-সংস্কৃতি ও পরিচয়ের ওপর পাকিস্তানের কুঠারাঘাত, এই অঞ্চলের মানুষের স্বায়ত্তশাসন ও অধিকারের ওপর বিধিনিষেধ, এবং সবশেষে একাত্তরের পঁচিশে মার্চে গণহত্যার শুরু, এই বিষয়গুলো এই আলোচনায় আসে।
তবে সত্তরের দশকে এমন একটি ফ্যাক্টর পূর্ব বাংলার স্বাধিকার, এবং দিনশেষে বৃহত্তর স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছিল, যার জন্য কেউ প্রস্তুত ছিল না, এবং যা কেউ পরিকল্পনা করেনি। সেটি ছিল ভোলা ঘূর্ণিঝড়।
ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়
১৯৭০ সালের নভেম্বরে দক্ষিণ চীন সাগরের এক ঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। যার নাম আমরা এখন জানি ‘ভোলা ঘূর্ণিঝড়’ হিসেবে। ১২ নভেম্বর এই ঘূর্ণিঝড় এসে আঘাত হানে বাংলাদেশের উপকূলে। বিভিন্ন সূত্রের হিসাবে এই ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৮৫ থেকে ২০৫ কিলোমিটার। এর সাথে আসে ঝড়ের ঢেউ, যার উচ্চতা ছিল বিভিন্ন সূত্র অনুযায়ী ১৫ থেকে ২০ মিটার।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবীতে ট্রপিক্যাল সাইক্লোনের ইতিহাসে সবচেয়ে তীব্র ও ভয়ানক ক্রান্তীয় ঘূর্ণিঝড় এটিই। ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিকাল সাইক্লোন মূলত এমন এক ধরনের ঘূর্ণিঝড় যা নিম্নচাপের কারণে তৈরি হয় কোনো একটা তুলনামূলক উষ্ণ জলাশয়ের ওপর। অঞ্চলভেদে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে টাইফুন বা হারিকেনও বলা হয়।
ভোলা ঘূর্ণিঝড় যখন আঘাত হানে, সেই সময় পর্যাপ্ত আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় থেকে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় পূর্ব বাংলার মানুষ এই ঘূর্ণিঝড় মোকাবেলায় একেবারেই প্রস্তুত ছিল না। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। ৩ থেকে ৫ লাখ মানুষ প্রাণ হারায়। ঘরবাড়ি উজাড় হয়ে যায়, লক্ষ লক্ষ গবাদিপশু ভেসে যায়, জেলার পর জেলা পরিণত হয় ধ্বংসস্তূপে।
সবচেয়ে তীব্র আঘাত আসে ভোলায়। ভোলার তজুমদ্দিন উপজেলায় মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই মারা যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে। গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায় মানুষের লাশ। কিছু মানুষ তাদের পুরো পরিবার হারিয়ে ফেলেন। ১২ থেকে ১৫ সদস্যের অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়।
৩ থেকে ৫ লাখ মানুষ সরাসরি ঘূর্ণিঝড়ের কারণে মারা যান। এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রতিকূল প্রভাবে আক্রান্ত হয় প্রায় ৫০ লাখ মানুষ। আক্রান্ত এলাকাগুলোয় তীব্র খাদ্যসংকট ও সুপেয় পানির সংকট দেখা দেয়।
সবচেয়ে মর্মান্তিক অবস্থা হয় ভোলায়। ভোলার তজুমদ্দিন উপজেলায় ১ লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে ৭৭ হাজার মানুষই প্রাণ হারান। অর্থাৎ, ঘূর্ণিঝড়ে সেই উপজেলার পুরো জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ মারা যান। গাছের ডালে ডালে ঝুলে থাকতে দেখা যায় মানুষের লাশ। ১২ থেকে ১৫ জনের একেকটা পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। অনেকে কোনমতে গাছের ডাল জাপ্টে ধরে রেখে বেঁচে যান, পরে দেখেন তাদের পুরো পরিবার মারা গেছে।
সরাসরি মৃত্যু ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রতিকূল প্রভাবে আক্রান্ত হন পঞ্চাশ লাখ মানুষ। লক্ষ লক্ষ গবাদি পশু ভেসে যায়। শত শত ক্ষেত ধ্বংস হয়ে যায়। দেখা দেয় খাবার ও খাওয়ার পানির তীব্র সংকট। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল সেই সময়ের হিসাবে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার।
বিদেশ থেকে ছুটে আসছে ত্রাণ, পশ্চিম পাকিস্তান নির্বিকার
এমন সময়ে যখন বিপর্যস্ত মানুষের ত্রাণ, পুনর্বাসন, এবং পুননির্মাণ প্রয়োজন, তখন পাকিস্তান সরকার এই অঞ্চলের মানুষের জন্য এর একটিও ঠিকমতো করেনি।
তখন ভারতের বিহারে অক্সফ্যামে কাজ করতেন জুলিয়ান ফ্রান্সিস। তার সহকর্মীরা তখন পূর্ব পাকিস্তানে যান, ত্রাণকার্য ও মানবিক সহায়তার কাজ করতে। জুলিয়ান ফ্রান্সিস দৈনিক ইংরেজি সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের জন্য এক কলামে লিখেন, “পাকিস্তানের সরকারের রেস্পন্সের গতি খুবই ধীর ছিল। এবং এর কারণ মূলত এই যে কাছে পূর্ব পাকিস্তানের বাঙালিরা মারা গেলে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি-পরিচালিত সরকারের তেমন কিছু যায় আসে না।”
তখন পূর্ব পাকিস্তানে কর্মরত আমেরিকার ডেভেলপমেন্ট অফিসারের ভাষ্যে, সারাবিশ্ব থেকে শত শত বিমান পূর্ব পাকিস্তানে এসেছিল। ত্রাণের কাজ, মানবিক সহায়তা এবং এই ধরনের অন্যান্য সহায়তা করার জন্য। ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকে শত শত ত্রাণবোঝাই বিমান আসে। তবে এর মধ্যে পশ্চিম পাকিস্তানের একটা বিমানও ছিল না।
অর্থাৎ, ঝড় আঘাত হানার পরদিন থেকেই যখন বিদেশ থেকে মানুষ ছুটে আসছে ত্রাণ দিতে, তখন প্রথম তিন দিন পশ্চিম পাকিস্তানের কোনো সাড়াই পাওয়া যায়নি। সে সময়ে পাকিস্তান অবজার্ভারের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের অব্যবস্থাপনার কারণে ত্রাণ পূর্ব পাকিস্তানে না পৌঁছে লাহোরেই জমা হচ্ছিল।
তখন ঢাকায় ছিলেন জন রোড ও তার স্ত্রী কর্নেলিয়া রোড। জন কাজ করতেন পাকিস্তান সিটো কলেরা রিসার্চ ল্যাবোরেটোরিতে (পিএসসিআরএল), যা এখন আইসিডিডিআর,বি নামে পরিচিত। এই দম্পতি তাদের বাঙালি বন্ধুদের সাথে মিলে মনপুরা দ্বীপ থেকে ত্রাণকার্য পরিচালনা করেন, এবং এক পর্যায়ে দীর্ঘমেয়াদের পুনর্বাসন ও উন্নয়ন অভিযানও চালানো শুরু করেন। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল আর্চার ব্লাডের কাছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা নিয়েও তথ্য সম্প্রচার করেন তারা।
ঘূর্ণিঝড়ের সময়ের অভিজ্ঞতা নিয়ে বই লেখেন কর্নেলিয়া রোড। সেখানে তিনি লিখেন, ১২৯ গাঁট কম্বল ও কাপড়চোপড় তখন লাহোরেই আটকা পড়ে ছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য দেশ প্রয়োজনীয় সমর্থন দিচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কিছুই আসছিল না।
চার-পাঁচ দিনের মধ্যে যখন পশ্চিম পাকিস্তান থেকে সরকারি প্রতিনিধিরা আসেও, তখন তার কার্যক্রম ছিল অল্প কিছু উপকূলীয় অঞ্চলে সীমিত। অল্প কিছু রাস্তা, ট্র্যাক্টর ও পানির পাম্প ঠিক করা ছাড়া তারা তখন বলতে গেলে আর কিছুই করেনি।
এমন ভয়াবহ দুর্যোগের পর বিদেশ থেকে আসা ত্রাণ দিয়ে পুরো অবস্থা সামাল দেওয়া সম্ভব না। বিদেশের সরকার ও বেসরকারি সংস্থাগুলো ত্রাণ ও সাহায্য দিয়ে গেলেও তাতে পুরো অবস্থা সামলে উঠবে না।
১৯৭০ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্যসেবা, খাবার বা খাওয়ার পানির মতো মৌলিক জিনিসগুলো যদি শুধু সময়মতো পৌঁছানো যেত, তাহলে ক্ষয়ক্ষতি অনেকখানিই কমানো যেত। এছাড়া, রাস্তাঘাট, সেচ ব্যবস্থা, মৎস শিল্পের মতো বিষয়গুলো পুনর্বাসিত করার কথাও বলা হয় সেখানে। তবে সেগুলো তো দূরের কথা, পাকিস্তানের সরকারের কাছ থেকে ঠিকমতো খাবার, পানি আর চিকিৎসার সেবাও আসেনি তখন।
এদিকে দুর্যোগে জর্জরিত মানুষ ঘরবাড়ি, পরিবার আর জীবিকা হারানোর পর খাবার ও পানিটিই ঠিকমতো পায়নি সরকারের কাছ থেকে। তাতে সরকারের প্রতি বাংলার মানুষের ক্ষোভ শুধু বেড়েই যায়।
ঘূর্ণিঝড় আঘাত হেনে যাওয়ার এক সপ্তাহ পর স্বয়ং ইয়াহিয়া খানই স্বীকার করেন, সরকার দুর্যোগের ভয়াবহতা বুঝতে না পারার কারণে ত্রাণকার্য ঠিকভাবে পরিচালিত হয়নি। তখন এই প্রশ্নও আসে, লাখ লাখ মানুষের মৃত্যুর পর যখন বিদেশ থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণ নিয়ে ছুটে আসছিল, তখন পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকার কেন দুর্যোগের ভয়াবহতার কথা জানত না?
পাকিস্তানের নির্বাচনে বাংলার মানুষের ক্ষোভের প্রতিফলন
ইয়াহিয়া খানের বক্তব্যে বাংলার মানুষের ক্ষোভ কমেনি। বরং তা আরও বেড়ে যায় আরও বেড়ে যায়। মানুষের মনে অনেক বছর ধরে কেন্দ্রীয় সরকারের প্রতি জমে আসা যে অনাস্থা, যে বৈষম্যের অনুভূতি তা তীব্র রূপ পায় মানুষের দুর্যোগে সরকারের এই উদাসীনতা দেখে। এবং এর ফলাফল সরাসরি দেখা যায় নির্বাচনের ফলাফলে।
১৯৭০ সালের ৭ই ডিসেম্বর পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন হয়। নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান। ঘূর্ণিঝড়ের পর শেখ মুজিব তার প্রচারণা স্থগিত করেন, ঝড়ে আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং প্রচারণার অর্থ ত্রাণের কাজে খরচ করেন। এতে অনেক বেশি অর্থ না উঠলেও এটুকু পরিষ্কার হয় যে, কোন দলের অগ্রাধিকার কোন জায়গায়। ২৪এ নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরাসরি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অদক্ষ প্রেসিডেন্ট বলে আখ্যা দেন এবং তার অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন।
সামাজিক কর্মী মার্থা চেন ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই ঢাকায় থাকতেন। তিনি এসবের অনেক পরে হার্ভার্ডের এক আলোচনা সভায় বলেন, সরকারের সময়মতো সঠিকভাবে সাহায্য করার ব্যর্থতা মানুষের মনে উপেক্ষার অনুভূতিকে আরও শক্ত করেছে। এটি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে, এবং স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।
নির্বাচনের ফলাফল কী ছিল, তা তো আমরা সবাইই জানি। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস জয়। পাকিস্তানের মোট ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টিতেই আওয়ামী লীগ নির্বাচিত হয় এবং পাকিস্তানের বাকি সব রাজনৈতিক দল মিলে ১৪৬টি সিট। পূর্ব পাকিস্তানে একটি আসনে পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) বাদে পশ্চিম পাকিস্তানের কোনো দল একটি আসনও জিতেনি। এতেই স্পষ্ট হয়, পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের মানুষের অনাস্থা চূড়ান্তে পৌঁছেছিল।
১৯৭১ সালের ১৮ই জানুয়ারি দৈনিক ইত্তেফাকে দু’টি শিরোনাম দেখা যায়: ‘ঘূর্ণি উপদ্রুত এলাকার নির্বাচনেও আওয়ামী লীগের বিরাট জয়’ এবং ‘বাংলার বিধ্বস্ত উপকূলে স্বাধিকারের বিজয় কেতন।’ এই ঘূর্ণিঝড় সামলানোর ক্ষেত্রে সরকারের উদাসীন ভূমিকার কারণে মানুষের মধ্যে স্বাধিকার এবং স্বায়ত্তশাসনের ইচ্ছা তীব্র রূপ নিয়েছিল, তা তখনও মানুষ বুঝতে পেরেছিল।
নির্বাচনের পর কী হয়েছিল, তা সবারই জানা। আওয়ামী লীগের ভূমিধস জয়ের পর সরকার গঠন করতে দেওয়া হয়নি। ইয়াহিয়া খান ও জুলফিকার আলি ভুট্টো নানা ধরনের বিলম্ব ও হম্বিতম্বি করেন, বাংলার মানুষ আরও ক্ষিপ্ত হতে থাকে। এরপর বাংলাদেশের পতাকা ওড়ানো হয়, সাতই মার্চের ভাষণ হয়, রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বাঙালিদেরকে ক্ষমতার আসনে তাদের ন্যায্য জায়গা না দিয়ে ইয়াহিয়া-ভুট্টো বেছে নেয় চূড়ান্ত নৃশংসতার পথ। শুরু হয় প্রতিরোধের যুদ্ধ, এবং নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।
বাঙালির ওপর পশ্চিম পাকিস্তান সরকারের অপশাসন, শোষণ, বৈষম্য, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত, স্বায়ত্তশাসনের অধিকার থেকে বঞ্চিত করাসহ অনেক পরিস্থিতি আর ঘটনাই স্বাধীনতা সংগ্রামের পেছনে গুরুত্বপূর্ণ প্রভাবক ছিল। আর এই সবকিছু মিলে যে ক্ষোভ ও অনাস্থা বাঙালির মনে আগে থেকেই তৈরি হয়ে ছিল, সেই আগুনে ঘি ঢেলেছিল সত্তরের মর্মান্তিক ভোলা ঘূর্ণিঝড়।