পলাতক সরকার যেই সূত্রে দেশ চালিয়েছে, বিরোধী দলও সেই সূত্রে-মন্ত্রে চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বুধবার বিকালে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা ধামাচাপা দিতে দেশে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে ।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরের আগে এবং পরে ইচ্ছাকৃত কিছু ঘটনা ঘটানো হয়েছে যাতে করে সফরের সফলতা ধামাচাপা দেয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।’
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জাতিসংঘে লিগ্যাল অফিসার পদটি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
জাইমা রহমান জাতিসংঘে পাওয়া পদটি তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তা পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যালোচনা করে তাকে জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মাহ্দী আমিন।