জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলে গণভোট

আগামী বছরের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধন বিল সংসদে উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটি সংসদে পাস হলে সংবিধানের যেসব বিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা রয়েছে, সেসব বিষয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে জুলাই সনদে স্বাক্ষর করা জোটের শরিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের আলোকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংবিধান সংশোধনের বিল আনা হবে। আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করা সম্ভব হবে।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রথমে সংসদে বিলের ওপর আলোচনা হবে বলে জানান মন্ত্রী। পরে প্রয়োজনীয় সংশোধনী ও মতামত বিবেচনার পর সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী বিলটি পাসের জন্য তোলা হবে। সংশোধনী পাস হলে যেসব অনুচ্ছেদে পরিবর্তনের জন্য গণভোট প্রয়োজন, সেগুলোতে জনগণের ভোট নেওয়া হবে।

গণভোটে জনগণের সমর্থন পাওয়া গেলে রাষ্ট্রপতি সংশোধনীতে স্বাক্ষর করবেন। এরপর তা আইনে পরিণত হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও সংবিধান সংশোধনের আলোচনায় বিবেচনা করা হবে।

একই সঙ্গে বিরোধী দলকে কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অংশগ্রহণ থাকলে সংশোধনী প্রক্রিয়ায় তাদের মতামতও অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।