গত বছরের তুলনায় এখন দেশে মূল্যস্ফীতি কমে এসেছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের যোগান বেশ ভালো রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
১৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের গত এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশ, এমনকি আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দামও কম।’
মাহদী আমিন জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ‘মুডিজ’ দীর্ঘ সময় পর বাংলাদেশকে নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করেছে। এটি দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প সংগঠনের ২১ জন নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সেখানে শিল্প-কারখানায় গ্যাস সংকট দ্রুত কাটিয়ে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি
প্রধানমন্ত্রীর সেই আশ্বাসের পর ১৬ই সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন মাহদী আমিন। তিনি বলেন, ‘আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন মঙ্গলবার থেকে শুরু হয়েছে, গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন দেখেছি সামনের দিনে সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’
সরকারের এক মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, শিল্প-কারখানা সচল রাখা এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখাই সরকারের অন্যতম লক্ষ্য।
মাহদী আমিন বলেন, ‘প্রথাগত শাসনপদ্ধতির বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে দায়বদ্ধতা ও পরিকল্পনার পরিচয় দিয়ে যাচ্ছেন, তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।’
মাহদী আমিন বলেন, ‘দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সরকার তার নির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।