রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য, ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক কাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৯ই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ। 

পরিপত্রে বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ কিংবা অন্যকোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

অর্থাৎ, সরকারি নথিতে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বা ‘মহামান্য রাষ্ট্রপতি’ না লিখে শুধু ‘প্রধানমন্ত্রী’ বা ‘রাষ্ট্রপতি’ পদবি ব্যবহার করতে হবে।

এই নির্দেশনা দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন সরকারি দপ্তর ও সংস্থার জন্য প্রযোজ্য হবে।

অনতিবিলম্বে এ আদেশ কার্যকর করার কথা উল্লেখ করে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।