তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

লাইসেন্স ফিরে পেয়েছে আ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটি এখন রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চালাতে পারবে। 

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

এর আগে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হলে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি পুনরায় পরিদর্শন করে এবং তাদের প্রতিবেদন জমা দেয়। 

সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই এবার হাসপাতালটিকে শর্তসাপেক্ষে কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। 

সরকারি আদেশে বলা হয়েছে, হাসপাতালকে ১৯৮২ সালের দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স  অনুযায়ী সব নিয়ম মেনে চলতে হবে।

এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।