রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি’র বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাত করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে রবিবার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব বৈঠক করেন। তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা তৈরি করবে।

এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয় আলোচনা হবে বলে জানা গেছে।

গত শুক্রবার বিকালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এরপর থেকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।