শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ছয় দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে ঢাকার উত্তরায় সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। একই সময়ে মিরপুর ও সায়েন্সল্যাব এলাকাতেও সড়ক অবরোধের পর সচিবালয়ের দিকে রওনা দেন তারা।
উত্তরায় সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন আলাপ-কে বলেন, “শিক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রায় সোয়া ১টার দিকে সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।”
সরেজমিনে দেখা যায়, উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে আট লেনের সড়কটি যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়। টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন ফ্লাইওভারের ওপর আটকা পড়ে। তবে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাখা হয়েছে জলকামানও।
অবরোধস্থলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তাদের আন্দোলনের সমাধান হবে না।
আবদুল আলিম নামে এক পরীক্ষার্থী আলাপ-কে বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখনো বহাল আছে।”
তিনি বলেন, “‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেও আমরা সেটিকে যথেষ্ট মনে করি না।”
ফাহিম নামে আরেক পরীক্ষার্থী বলেন, “জনসম্মুখে ক্ষমা চাওয়াই শুধু সমাধান।”