ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম ও কক্সবাজারের তিন স্থানে পাহাড়ধসের ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবারের এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
তিনি আলাপকে বলেন, ৫ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে একটি মসজিদের দেয়াল ভেঙে সেখানে থাকা একটি মহিলা মাদ্রাসার ওপর পড়ে। এতে দুইজন নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামে পৃথক দুই স্থানে পাহাড়ধসে দুইজন নিহত হয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহ ইমরান আলাপকে বলেন, "চট্টগ্রাম নগরের চশমা পাহাড় এলাকার মেয়রের গলিতে একটি বাসার ওপর পাহাড়ধস হয়। এ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়। পাশের ঘরে থাকা তার বাবা-মা আহত হন।
পাহাড়ধসের আরেকটি ঘটনার বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম আলাপকে বলেন, "সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ৬ নম্বর সমাজ বাগান এলাকায় পাহাড়ধস হয়। এ ঘটনায় ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়। আহত হন আরও একজন।"