সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এতে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে একটি মন্ত্রলালয়ের কর্মসূচি উপলক্ষে তৈরি ব্যানারে নিজের ছবি দেখেন।

পরে সচিবালয়ে নিজের দপ্তরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে, সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নিদের্শনা দেন।

পরে এ নিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা।

পরিপত্রে বলা হয়েছে, “সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেষ্টুন,বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (থ্রি ডি বা অন্য কোনো আঙিকে) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।”

এ ধরনের প্রচারণা সামগ্রীতে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, “ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডের নকশা এমন ভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।”