সিলেট সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

রবিবার আলাপ-কে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

“টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বেড়ে গেছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” আলাপ-কে বলেছেন তিনি।

আবহাওয়ার উন্নতি ঘটলেই পর্যটন কেন্দ্রটি আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

“পাহাড়ি ঢলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,” যোগ করেন রবিন মিয়া।

উপজেলা প্রশাসন জানায়, পাহাড়ি ঢলের কারণে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে এবং পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আপাতত সাদাপাথরে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।

ভারতের মেঘালয় এবং বাংলাদেশের সিলেট–সুনামগঞ্জ এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে বন্যা হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।