কালো টাকায় কেনা প্লট প্রদর্শনের সুযোগ প্রস্তাবিত বাজেটে

ফ্ল্যাট, বাড়ি, জমিতে বিনিয়োগ করা কালো টাকা প্রদর্শনের সুযোগ থাকছে প্রস্তাবিত বাজেটে।

১১ই জুন বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নতুন বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩০এ জুন বাজেট পাস হবে।

এই বাজেটে কালো টাকা দিয়ে কেনা প্লট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী, নির্দিষ্ট দামে কোনো জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কিনে দলিলে প্রকৃত মূল্য গোপন করলে প্রকাশিত মূল্য ও প্রকৃত মূল্যের মধ্যে ব্যবধানটিই কালো টাকা। 

আয়কর আইনের নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার সময় প্রকৃতমূল্য গোপন করলেও আয়কর রিটার্নে তা প্রকাশ করতে পারবেন। প্রকৃত মূল্য ও দলিলে প্রকাশিত মূল্যের ওপর নির্দিষ্ট হারে কর দিতে হবে। ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করের হার ৩০ শতাংশ। বিক্রেতাদের দিতে হবে ১৫ শতাংশ মূলধনি কর। তবে স্বপ্রণোদিত ঘোষণার আগে আয়কর আইন অনুযায়ী ক্রেতা বা বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে জরিমানা হিসেবে প্রযোজ্য করের ২০ শতাংশ অতিরিক্ত পরিশোধ করতে হবে।

নতুন বিধানে আরও বলা হয়েছে, এই পদ্ধতিতে কালো টাকা প্রদর্শন করলে প্রচলিত অন্য কোনো আইনের আওতায় বিনিয়োগ বা ক্রয় বা অর্থ প্রাপ্তির উৎস নিয়ে প্রশ্ন উত্থাপন বা কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে ঘোষণার আগে কোনো আদালত সেই ব্যক্তিকে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করলে, কিংবা তার বিরুদ্ধে মামলা চলমান থাকলে তিনি আইনের এই সুবিধা গ্রহণ করতে পারবেন না।